সিংগাইরে টপসয়েল কাটায় অভিযানে জেল-জরিমানা

Sadek Ali
হাবিবুর রহমান, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৫২ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবৈধভাবে তিন ফসলি কৃষিজমির টপসয়েল কাটার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল ও জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মাটি বহনকারী ট্রলি জব্দ এবং এস্কেভেটর অকেজো করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা থেকে ১টা পর্যন্ত উপজেলার বায়রা, শায়েস্তা ও চান্দহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।

আরও পড়ুন: শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গ্রামবাসীদের মানববন্ধন

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন।

বায়রা ইউনিয়নের গারাদিয়া এলাকায় মাটি কাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর অকেজো করা হয়। পরে শায়েস্তা ইউনিয়নের গোপালনগর গ্রামে কৃষিজমি থেকে মাটি কাটার সময় হারুনুর রশিদ মৃধার ছেলে রোমান মৃধা ও দুই ট্রলি চালককে আটক করা হয়। তাদের ব্যবহৃত এস্কেভেটর অকেজো করা হয়, সেই সঙ্গে মাটি বহনকারী ট্রলি জব্দ করা হয়।

আরও পড়ুন: কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু, আহত মা

ভ্রাম্যমাণ আদালতে রোমান মৃধাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। দুই ট্রলি চালককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বলেন, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।