পটুয়াখালীর মুসলিমপাড়ায় র্যাবের অভিযানে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
ঢাকার মোহাম্মদপুর থানার একটি হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোল্লা কাউসারকে (২৫) পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৮ (পটুয়াখালী) ও র্যাব-২ (মোহাম্মদপুর)-এর যৌথ অভিযানে মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
বুধবার (১১ মার্চ) র্যাব থেকে প্রদানকৃত সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় র্যাবের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোল্লা কাউসারকে গ্রেফতার করে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আধুনিক উপশহর গড়ার স্বপ্ন কবীর আহমেদ ভূঁইয়ার
গ্রেফতার মোল্লা কাউসার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই এলাকার বাসিন্দা শানু ওরফে মামুন মৃধার ছেলে। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় বসবাস করতেন।
র্যাব সূত্রে জানা যায়, অভিযুক্তরা ঢাকার মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসার একটি স্পট নিয়ন্ত্রণ করতেন। এলাকাবাসীর উদ্যোগে ওই মাদক স্পট বন্ধ করে দিলে ক্ষিপ্ত হয়ে তারা গত ২১ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের বসিলা রোড এলাকায় বাদী ও তার বন্ধুর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এবং হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: শেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের মিলন মেলা ও র্যালি
ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরে র্যাবের গোয়েন্দা নজরদারিতে তাদের অবস্থান শনাক্ত করা হলে পটুয়াখালীতে অভিযান চালিয়ে মোল্লা কাউসারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।





