শেরপুরে বাসের চাপায় শিশু নিহত, সিএনজির ৪ যাত্রী আহত

Sanchoy Biswas
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ৭:০৯ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা নাজিফ (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ আরও চারজন আহত হয়েছেন। ১৬ মার্চ সোমবার দুপুরে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা কুর্শা বাইপাস মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত নাজিফ জামালপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নাজিফের মা সুমি আক্তার (৩৭), ভাই নাহিদ (৮), বোন নওশিন (১৫) ও সিএনজি চালক (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দি থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। ঈদ উপলক্ষে তাঁর স্ত্রী ও সন্তানরা সিএনজি অটোরিকশায় করে ময়মনসিংহ থেকে জামালপুরে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে বেলা পৌনে ১২টার দিকে নকলা উপজেলার কুর্শা বাইপাস মোড়ে ঢাকাগামী একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজিফ মারা যায়। দুর্ঘটনায় নজরুলের স্ত্রী সুমি আক্তার, দুই সন্তান নাহিদ ও নওশিন এবং অটোরিকশা চালক গুরুতর আহত হন।

আরও পড়ুন: ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুব মল্লিকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আহতদের মধ্যে সুমি আক্তার ও নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।