ঈশ্বরগঞ্জে চুলায় মিলল শিশুর মরদেহ, বাবা-ছেলে গ্রেপ্তার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৪ বছর বয়সী শিশু মরিয়ম আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের একটি মাটির চুলার ভেতর থেকে তার নিথর দেহ পাওয়া যায়।
নিহত মরিয়ম উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামের বাসিন্দা মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির একমাত্র সন্তান। পরিবারের সদস্যরা জানান, দুপুর ১টার পর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর ইফতারের আগমুহূর্তে চুলার ভেতর তার মরদেহ পাওয়া যায়।
আরও পড়ুন: দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির গলায় থাকা রূপার চেইন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। চেইন নেওয়ার সময় শিশুটি চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং পরে মরদেহ চুলার ভেতরে লুকিয়ে রাখা হয়।
ঘটনার পরপরই ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযানে নামে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একই এলাকার সাদ্দাম মিয়া (৩৫) এবং তার ছেলে ইয়াসিন মিয়া (১৬)-কে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: আসামি ছাড়াতে থানায় ‘মব’ সৃষ্টির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, "মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।"
একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





