৩২ লাখ কোটি টাকা লুটপাট করেছে শেখ হাসিনা: চিফ হুইপ নূরুল ইসলাম মনি
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, "৩২ লাখ কোটি টাকা শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাচার করেছে। যা দিয়ে বাংলাদেশে ৭টি বাজেট হতো। ৭টি বাজেটের পরিমাণ টাকা বাংলাদেশ থেকে লুটপাট হয়েছে।"
বরগুনার ক্রোক এলাকায় রবিবার বেলা ১১টায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত: স্বাস্থ্যমন্ত্রী
এসময় চিফ হুইপ আরও বলেন, "বর্তমান সরকারের এক মাস ৫ দিনে ৫২টি প্রকল্প বাস্তবায়ন করেছে। শুধু ফ্যামিলি কার্ড নয়, আরও অনেক কিছু আমরা আপনাদের জন্য বাস্তবায়ন করবো।"
তিনি বলেন, "প্রচুর টাকা আমাদের। এতো টাকা দিয়ে আমরা কি করবো? আপনারা ট্যাক্স আর খাজনা নিয়মিত দেবেন, সেই টাকা সঞ্চিত হবে। ইনশাআল্লাহ তারেক রহমানের হাতদিয়া বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় উন্নয়ন হবে।"
আরও পড়ুন: উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি
চিফ হুইপ মনি বলেন, "বরগুনার সব খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। বিগত সরকারের আমলে বিভিন্ন খালে অপরিকল্পিত ও অপ্রসস্ত স্লুইজগেট নির্মাণের কারণে খালগুলোর নব্যতা সংকট দেখা দিয়েছে। ওই স্লুইজগেটগুলো প্রসস্ত করার উদ্যোগ নেওয়া হবে। খালগুলো পুনঃখনন করা হলে কৃষকরা এখন এক ফসলি জমিতে তিনটি ফসল ফলাতে পারবেন, যা কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
তিনি আরও বলেন, "এ অঞ্চলের যুবসমাজকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে তারা স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে নেতৃত্ব দিতে পারে।"
চিফ হুইপ আরও বলেন, "আমরা চাই বাংলাদেশকে স্বাবলম্বি করতে, আমরা চাই বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে। আমরা বিশ্বাস করি ইসলামিক মূল্যবোধে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী। আপনারা খেয়াল করবেন যেখানে শেখ মুজিবের ছবি ছিলো সেখানে 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ' লেখা।"
খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে বরগুনা সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "বরগুনায় একটি ইকোনমিক জোন স্থাপন করা গেলে এ অঞ্চলের আমূল পরিবর্তন সম্ভব। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।"
তিনি আরও বলেন, "বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চায়, যাতে দেশের মানুষ বিদেশে কাজ করলেও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। দেশের সম্পদ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে।"
তিনি বলেন, "চট্টগ্রাম অঞ্চলকে ঘিরে পার্বত্য মন্ত্রণালয় রয়েছে। আমরা সাগর উপকূলের মানুষ, আমাদেরও উপকূলীয় মন্ত্রণালয় নামে একটি মন্ত্রণালয় থাকা জরুরি। আমি সরকারের কাছে এই প্রস্তাবনা উপস্থাপন করব।"
উপকূলীয় জেলেদের সুরক্ষার বিষয়ে চিফ হুইপ বলেন, "একটা অন্তর্বর্তীকালীন সরকার চলে গেছে, আমরা সরকারে কেবলমাত্র বসেছি। তারমধ্যেই সাগরে জলদস্যু তৈরি হয়েছে। আপনারা অচিরেই দৃশ্যমান হবেন, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বিভিন্ন অপারেশন পরিচালনা করার। তাতে জলদস্যু তো দূরের কথা, অনেক অপরাধীরাই পালিয়ে যাবে।"
মতবিনিময় সভায় বরগুনা প্রেসক্লাব, বরগুনা জেলা সাংবাদিক পরিষদ, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, বরগুনা রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





