১৭ হাজার টাকা জরিমানা
কমলনগরে ফুটপাতের ৪০ অবৈধ দোকান উচ্ছেদ
লক্ষ্মীপুরের কমলনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন বাজারের ফুটপাত দখল করে গড়ে ওঠা ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সাথে বিভিন্ন অনিয়মের দায়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৮ মার্চ) উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাহাত উজ জামান। অভিযানে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শিশু রিফাতকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ৩
আদালত সূত্র জানায়, সরকারি রাস্তার ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে করইতলা বাজারের 'আছমা স্টোর'কে ২ হাজার টাকা, 'জাহের স্টোর'কে ২ হাজার টাকা এবং 'আল বারাকা হোটেল'কে পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তোরাবগঞ্জ বাজারের ৫টি দোকানে বিভিন্ন অনিয়মের দায়ে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, "জনসাধারণের চলাচলের পথ সুগম করতে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এছাড়া বাজারে অবৈধ দখলদার ও পেট্রোল নিয়ে কারসাজি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।"
আরও পড়ুন: বড়াইগ্রামে বাস চাপায় বিএনপি নেতার মৃত্যু
জনস্বার্থে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।





