শ্রীপুরে স্বাস্থ্যসেবা অনিয়মে ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্ট, দুটি হাসপাতালকে জরিমানা ও সিলগালা

Sanchoy Biswas
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ২:৩২ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় দুটি হাসপাতালকে জরিমানা ও সিলগালা করা হয়।

জনস্বার্থ ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সোমবার (৩০ মার্চ) দুপুরে এই ঝটিকা অভিযান চালানো হয়।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে প্রশাসনিক সংস্কার: ২ বছরে মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতিতে অভূতপূর্ব সাফল্য

অভিযানকালে মাওনা চৌরাস্তার ‘জহির ডায়াগনস্টিক চক্ষু এন্ড জেনারেল হাসপাতাল’-এ গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ফায়ার সার্ভিসের কোনো অনুমোদন নেই। এছাড়া হাসপাতালের বিভিন্ন ডায়াগনস্টিক যন্ত্রপাতিতে গুরুতর কারিগরি ও যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়। এসব অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে সব ত্রুটি সংশোধনের কড়া নির্দেশ প্রদান করা হয়।

মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড ট্রমা সেন্টার’-এ প্রবেশ করলে এক নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা সব ফেলে পালিয়ে যান। ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে লাইট-ফ্যান বন্ধ অবস্থায় কেবল একজন পরিচ্ছন্নতাকর্মীকে (কাজের বুয়া) দেখতে পান। এ অবস্থায় হাসপাতাল থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের পাশে ‘নিরাপদ সড়ক আন্দোলন’

অভিযান শেষে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সরকারি নীতিমালা মেনে চলতে হবে। জহির ডায়াগনস্টিক হাসপাতালে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি ও যন্ত্রপাতির ত্রুটি রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।

অন্যদিকে, মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক কর্তৃপক্ষের পালিয়ে যাওয়া প্রমাণ করে তারা নিয়মনীতির তোয়াক্কা করছিল না। জনস্বার্থে এ ধরণের অনিয়মের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ। এসময় শ্রীপুর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে আইনশৃঙ্খলায় সহায়তা প্রদান করে।