কাপাসিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এসব বিতরণ করা হয়।
উপজেলা কৃষি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ও কৃষি ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব কৃষিবিদ আউলিয়া খাতুন।
আরও পড়ুন: জ্বালানি সংকটে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা
২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫'শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিঘাপ্রতি ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার সহায়তা প্রদান করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জান্নাতুন শাহীন, ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার অলি ভৌমিক, কৃষি সম্প্রসারণ অফিসার সুরাইয়া আক্তার, বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীবৃন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা





