দুদকের মামলায় জিসিসির নির্বাহী প্রকৌশলী কারাগারে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার চার্জশীটভূক্ত আসামি গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ইব্রাহিম খলিল কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার প্রকৌশলী ইব্রাহিম খলিল আদালতে হাজিরা দিলে তার জামিন আদেশ বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। গাজীপুর আদালতের পিপি মো. মোস্তফা কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
প্রকৌশলী ইব্রাহিম খলিল চার্জশীটভূক্ত আসামি হওয়ায় গত বছর ১৫ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় তাকে সাময়িক বরখাস্ত করে চাকরি হতে অপসারনের চিঠি দিয়েছিল। দুদকের মামলায় তার স্ত্রী মনোয়ারা বেগমও আসামি।
আরও পড়ুন: নরসিংদীতে ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারগুলোতে অভিযান
জানা গেছে, দুদকের অনুসন্ধানে নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগম আওয়ামী লীগের আমলে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন। প্রকৌশলী ইব্রাহিম খলিল ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার টাকার বেশি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। তাঁর বিভিন্ন ব্যাংক হিসাবে বেতন-ভাতার বাইরেও ৮ কোটি ৭১ লাখ ৪১ হাজার টাকার বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পায় দুদক। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে।





