হবিগঞ্জে তেল মজুদ ও পাচার রোধে টাস্কফোর্সের অভিযান জোরদার
হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং সীমান্তপথে পাচার রোধে যৌথ টাস্কফোর্সের অভিযান জোরদার করা হয়েছে। বিজিবি, র্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত এই টাস্কফোর্স ১১ এপ্রিল থেকে জেলায় সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে।
জানা গেছে, সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান, ৩৯৫ লিটার অক্টেন ও ২৪ বস্তা সার জব্দ
অভিযানের অংশ হিসেবে বিকেল প্রায় ৩টার দিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম হাসানের নেতৃত্বে জেলা সদরের চৌধুরী বাজার, নবীগঞ্জের শাপলা ফিলিং স্টেশনসহ বিভিন্ন বাজার ও গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পাশাপাশি ফিলিং স্টেশন ও ডিলারদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কেউ তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে।
বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর তদারকি চলছে বলে জানানো হয়েছে। পাচারকারী চক্র এবং সম্ভাব্য রুট শনাক্তে বিজিবির গোয়েন্দা কার্যক্রম ২৪ ঘণ্টা সক্রিয় রাখা হয়েছে।
আরও পড়ুন: রায়পুরে মাদকের ছড়াছড়ি, সন্ধ্যা হলেই বাড়ে বিক্রি-সেবন
এদিকে, হবিগঞ্জ জেলার প্রায় ১০৩ কিলোমিটার সীমান্তজুড়ে সতর্কতা জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে চুনারুঘাটের চিমটিবিল বিওপি এলাকা, মাধবপুর ও বাল্লা সীমান্ত এবং বাল্লা আইসিপি এলাকায় নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।##
নুরুজ্জামান ভূইয়া





