চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে ৫ দিনব্যাপী সামুদ্রিক নিরাপত্তা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

Sanchoy Biswas
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৩৩ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের প্রশিক্ষণ কেন্দ্রে ১২-১৬ এপ্রিল পর্যন্ত EU CRIMARIO Project-এর আওতায় ‘MARCO3 Fundamentals Course’ আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মূল লক্ষ্য IORIS প্ল্যাটফর্ম (ভারত মহাসাগরীয় অঞ্চলের তথ্য আদান-প্রদান ব্যবস্থা) ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সংস্থার মধ্যে রিয়েল-টাইম তথ্য বিনিময় এবং সমন্বয় বৃদ্ধি করা। উল্লেখ্য, EU CRIMARIO Project কর্তৃক ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে বাংলাদেশের National Focal সংস্থা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

রোববার দুপুরে চবক-এর শহীদ ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি কোর্সের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, বন্দর কর্তৃপক্ষ কেবল সামুদ্রিক সচেতনতা (Maritime Domain Awareness) কার্যক্রমে অংশগ্রহণ করতেই চায় না, বরং এতে সেরা সাফল্য অর্জন করতে চায়। তিনি আরও বলেন, বাংলাদেশের ৯০%-এর বেশি বৈদেশিক বাণিজ্য এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়, তাই চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও কার্যক্ষমতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এই আয়োজন একটি দায়িত্বশীল অংশীদার হিসেবে চট্টগ্রাম বন্দরের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন।

আরও পড়ুন: হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

ইইউ-এর CRIMARIO II প্রকল্পের অংশ হিসেবে এই কোর্সটি পরিচালনা করছেন দক্ষিণ এশিয়া ও তানজানিয়ার প্রতিনিধি বিয়র্ন বেইরেন্স (Björn Beirens)। বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রশিক্ষণার্থীরা এই কোর্সে অংশ নিচ্ছেন।

৫ (পাঁচ) দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মূলত সামুদ্রিক সচেতনতা (MDA - Maritime Domain Awareness)-এর মৌলিক ধারণা এবং IMO কোডসমূহ, IORIS প্ল্যাটফর্মে ‘5W’ ফ্রেমওয়ার্ক ব্যবহার করে রিপোর্টিং তৈরি, সংস্থাগুলোর মধ্যে তাৎক্ষণিক বার্তা এবং সতর্কতা আদান-প্রদান, AIS এবং স্কাইলাইট (Skylight) ডেটা লেয়ারের ব্যবহারিক প্রয়োগসহ নানা বিষয়ে জ্ঞান লাভ করবে। এই কোর্স সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীরা EU CRIMARIO সনদ পাবেন।

আরও পড়ুন: ছুটির দিনেও উত্তোলন করা হয়েছে পতাকা, স্কুলঘেঁষে গরুঘর

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই আয়োজনের জন্য ইন্টারনেট, কম্পিউটার এবং প্রয়োজনীয় সব কারিগরি সুবিধা প্রদান করেছে। কোর্সটির সার্বিক সমন্বয় করছেন সদস্য (হাঃ ও মেঃ) চবক ও IORIS ফোকাল পয়েন্ট কর্মকর্তা কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ এবং চবক-এর IORIS Cell-এর OIC সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আসিফ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবক-এর সকল বোর্ড সদস্য ও বিভাগীয় প্রধানগণ।