সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন নাজিরপুরের মেয়ে জুঁই
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচনে স্বতন্ত্র জোটের প্রার্থী মনোনয়ন পেলেন নাজিরপুরের মেয়ে সুলতানা জেসমিন জুঁই। তিনি উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের মেয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রী সুলতানা জেসমিন জুঁই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি।
আরও পড়ুন: এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির চমক সুবর্ণা ঠাকুর
সোমবার (২০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের প্রেরিত এক পত্রের মাধ্যমে স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়।
স্বতন্ত্র জোটের পক্ষে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান এবং ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।
আরও পড়ুন: ফরিদপুরে ফ্ল্যাগভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থা নিয়ে বন্যা প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত
সুলতানা জেসমিন জুঁই মনোনয়ন পাওয়ায় পিরোজপুরে বইছে আনন্দের জোয়ার। তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।
সুলতানা জেসমিন জুঁই তার ফেসবুক পোস্টে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে জানান, “সকলের ভালোবাসা ও দোয়ায় আমি আপনাদের সকলের জুঁই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সকলের মধ্যে এই আনন্দ ভাগাভাগি করে নেবো।”
উল্লেখ্য, সুলতানা জেসমিন জুঁই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। তিনি বিগত দিনে মামলা, হামলা ও কারাবরণ করেছেন। স্থানীয় রাজনৈতিক মহল মনে করেন, এই সম্মান তার প্রাপ্য ছিল।





