অসুস্থ শরীরেও থামছেন না
এলাকার উন্নয়নে একনিষ্ঠ কবীর আহমেদ ভূঞা, একের পর এক মন্ত্রণালয়ে দাবিপত্র পাঠালেন
ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক উন্নয়নে অসুস্থতার সঙ্গে লড়াই করেও অবিরাম কাজ করে যাচ্ছেন বিএনপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের প্রাথমিক এমপি প্রার্থী ও ভূঞা গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঞা। জনগণের জীবনমান উন্নয়নে তিনি শুধু কথায় নয়, বাস্তবে নিজেকে নিয়োজিত রেখেছেন। সম্প্রতি তিনি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে একাধিক মন্ত্রণালয়ে পৃথক পৃথক দাবিপত্র প্রেরণ করেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে
আরও পড়ুন: সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন নাজিরপুরের মেয়ে জুঁই
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা এবং চিকিৎসক-নার্সদের জন্য আবাসিক কোয়ার্টার নির্মাণের জোর দাবি জানিয়েছেন তিনি। জেলার নয়টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলোর রোগীদের চাপ এবং প্রস্তাবিত মেডিকেল কলেজের প্রয়োজনীয়তা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে
আরও পড়ুন: ফরিদপুরে ফ্ল্যাগভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থা নিয়ে বন্যা প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত
জেলার ১০০টি ইউনিয়নে একটি করে মোট ১০০টি আধুনিক খেলার মাঠ স্থাপনের প্রস্তাব দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এই দাবি জানানো হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ে
আখাউড়া ও কসবা উপজেলায় দুটি আধুনিক শিশু পার্ক নির্মাণ এবং কসবার কুটি বাজারকে পৌরসভা ঘোষণার দাবি তুলেছেন। কুটি ইউনিয়নের ৩৯ হাজারেরও বেশি জনসংখ্যা, বাণিজ্যিক গুরুত্ব ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় এই দাবি করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে
আখাউড়া ও কসবা উপজেলার প্রাণিসম্পদ হাসপাতাল দুটির আধুনিকায়নের পাশাপাশি বিলুপ্তপ্রায় ‘সরাইল হাউন্ড’ কুকুর ও ‘আসলি মোরগ’ প্রজাতি সংরক্ষণে সরকারের বিশেষ উদ্যোগ কামনা করেছেন।
কৃষি মন্ত্রণালয়ে
কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলায় লিচু, কাঁঠাল, পেয়ারা, জলপাই, জাম্বুরা ও মাল্টাসহ বিভিন্ন ফল চাষিদের সরকারি প্রণোদনা প্রদানের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার বাস্তবমুখী প্রস্তাব দিয়েছেন।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে
কসবা উপজেলার সালদা, তারাপুর ও কাশীরামপুর গ্যাসক্ষেত্রে নতুন কূপ খনন এবং উত্তোলিত গ্যাস কসবা ও আখাউড়ায় বাণিজ্যিক ও আবাসিক সংযোগের জন্য প্রস্তাব পাঠিয়েছেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে
ভবিষ্যতে প্রবীণ নাগরিকদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় কসবা ও আখাউড়া উপজেলায় একটি করে আধুনিক বৃদ্ধাশ্রম স্থাপনের আবেদন জানিয়েছেন।
একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক গবেষক হিসেবে কবীর আহমেদ ভূঞা শুধু নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ক্ষান্ত থাকেননি। তিনি বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত ও দূরদর্শী পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে সুনির্দিষ্ট দাবি তুলে ধরছেন। এলাকাবাসী মনে করেন, এমন একনিষ্ঠ ও অক্লান্ত প্রচেষ্টাই সত্যিকারের জনসেবকের পরিচয় বহন করে।
তাঁর এই অব্যাহত উদ্যোগ জেলাবাসীর মধ্যে নতুন আশা ও প্রত্যাশা জাগিয়ে তুলেছে।





