বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ডাকাতিয়া নদীতে কলেজছাত্র নিখোঁজ

Sanchoy Biswas
মো. মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ন, ৩০ মে ২০২৬ | আপডেট: ৪:০৩ অপরাহ্ন, ৩০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ডাকাতিয়া নদীতে ডুবে শিহাব হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নারান্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিহাব হোসেন উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল ইসলাম শিপনের ছেলে। তিনি চট্টগ্রাম নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন: পাকুন্দিয়ায় নৃশংসভাবে যুবককে কুপিয়ে হত্যা

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে আসা শিহাব শুক্রবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন। একপর্যায়ে তিনি ডাকাতিয়া নদীতে নামার পর প্রবল স্রোতে শিহাব তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিক তল্লাশিতে শিহাবের কোনো সন্ধান না পাওয়ায় চাঁদপুর থেকে বিশেষ ডুবুরি দলকে ডাকা হয়। ডুবুরি দল ঘটনাস্থলে এসে নদীতে ব্যাপক তল্লাশি চালালেও সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ কলেজছাত্রের সন্ধান মেলেনি।

আরও পড়ুন: ঐক্যবদ্ধ থাকলে কুলাউড়া হবে সিলেট বিভাগের রোল মডেল: মন্ত্রী আরিফুল হক

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হৃদয় জানান, অন্ধকার নেমে আসায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।