সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

Sadek Ali
মো. আব্দুল আহাদ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬ | আপডেট: ২:৪৫ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (৩ জুন) ভোরে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।

​আহত ব্যক্তিরা হলেন—কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মোঃ গোলাম রাব্বানীর ছেলে মোঃ মহিউদ্দিন (৪২) এবং একই গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মোঃ শাহীন (২৮)।

আরও পড়ুন: দৌলতপুরে ভাবি-ভাতিজাকে হত্যাকারী ইউসুফ মিরপুরে গ্রেফতার

জানা গেছে, পেশায় রাজমিস্ত্রি মহিউদ্দিন ও শাহীন প্রায় এক বছর আগে অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতের কলকাতায় যান। সেখান থেকে তারা তামিলনাড়ু রাজ্যে গিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করেন। আজ ভোরে একই উপায়ে সীমান্ত পেরিয়ে তারা নিজ বাড়িতে ফিরছিলেন।

​স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ভোররাত আনুমানিক দুইটার দিকে মহিউদ্দিন ও শাহীন ভারতের সীমান্ত পার হয়ে কালিন্দি নদী সাঁতরে কালিগঞ্জের বসন্তপুর সিমান্ত সংলগ্ন বাশঝাড়িয়া এলাকার কালিন্দী নদী সাতার দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এ সময় বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালালে তারা দুজনই গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন। ​পরে রাত সোয়া তিনটার দিকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবণতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন।

আরও পড়ুন: বরগুনায় সেফটি ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

তবে এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের কোন কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুজনের অবস্থাই গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।