প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কুষ্টিয়া থেকে গ্রেফতার
প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি শাহানুর রহমানকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে কুষ্টিয়া মডেল থানার একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল জেলার কুড়িগ্রাম গ্রামের বাসিন্দা সহিদুর রহমানের ছেলে শাহানুর রহমানের বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় ২০২৪ সালে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে আদালত ২০২৫ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা
কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য আসে যে, শাহানুর রহমান কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে অবস্থান করছেন। তথ্যের সত্যতা যাচাইয়ের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ।
পরবর্তীতে বুধবার ভোর প্রায় ৫টার দিকে কুষ্টিয়া মডেল থানার একটি চৌকস দল ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযানে শাহানুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তিনি পালানোর চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় তা ব্যর্থ হয় বলে জানা গেছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৬
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, শাহানুর রহমান বিভিন্ন ব্যক্তিকে চাকরি, ব্যবসা ও বিভিন্ন ধরনের আর্থিক সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে একাধিক ব্যক্তি তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে আসছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে। এছাড়া তার বিরুদ্ধে আরও কোনো মামলা বা অভিযোগ রয়েছে কিনা, সে বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং প্রতারিত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।





