জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত, দেশ-জাতির কল্যাণে বিশেষ দোয়া

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ন, ২৮ মে ২০২৬ | আপডেট: ১২:৫৮ অপরাহ্ন, ২৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ-জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মাওলানা মুফতি মো. আবদুল মালেক।

ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঈদের জামাতে প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিলেন খতিব

মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনার পাশাপাশি ফিলিস্তিন ও ইরানে নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে সম্প্রতি বিশ্ব ও বাংলাদেশজুড়ে ছড়িয়ে পড়া হাম ভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্যও দোয়া করা হয়।

এছাড়া মুসল্লিরা নিজেদের গুনাহ মাফ, মৃত স্বজনদের কবরের আজাব মাফ এবং বিশ্বশান্তি কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

আরও পড়ুন: জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে খুতবায় খতিব মুসল্লিদের উদ্দেশে বলেন, “শুধু পশু কোরবানি নয়, মনের পশুকেও জবাই করতে হবে।” তিনি দেশ ও জাতির অগ্রগতি, নৈতিকতা ও সমৃদ্ধি কামনা করেন।

এবার জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। নারীদের জন্য রাখা হয় আলাদা প্রবেশপথ, ওযুখানা ও নামাজের স্থান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, পুরো ঈদগাহে প্যান্ডেল নির্মাণে ব্যবহার করা হয়েছে ৪৩ হাজারের বেশি বাঁশ, ১৫ টনের বেশি রশি এবং প্রায় ১ হাজার ৯০০ ত্রিপল। গরমের কথা বিবেচনায় মুসল্লিদের স্বস্তির জন্য রাখা হয় ১ হাজার ১০০-এর বেশি ফ্যান।