বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ভাই গ্রেফতার
নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে আপন দুই ভাইকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
শুক্রবার (৫ জুন) সকালে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: পটুয়াখালীর বাউফলে হত্যাকাণ্ড: রতনসহ ৬ জন গ্রেফতার, অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন
গ্রেফতারকৃতরা হলেন রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামের মাসুদ মিয়ার ছেলে রামিম (২৫) ও পাপন (২৩)। এরা সম্পর্কে আপন দুই ভাই। এসময় তাদের কাছ থেকে ৫০০ (পাঁচ শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি এরশাদুল্লাহ'র নেতৃত্বে উপপরিদর্শক মোহাম্মদ আব্দুস সালাম ও শেখ মো. জসিম উদ্দিনের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের বেলতলা এলাকায় অভিযান চালিয়ে রামিম ও পাপন নামে আপন দুই ভাইকে পাঁচশত পিস ইয়াবা সহ গ্রেফতার করতে সক্ষম হন।
আরও পড়ুন: টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে শিশুর মর্মান্তিক মৃত্যু
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃতরা চিনিশপুর ইউনিয়নের রাজারদী গ্রামের ফারুক মিয়ার বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে নরসিংদী শহর ও এর আশপাশ এলাকায় মাদক বিক্রি করে আসছিলো। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
এবিষয়ে নরসিংদী মডেল থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের প্রস্তুতিও চলছে বলে তিনি জানান।





