বিশ্বকাপের আগে ফ্রান্সকে হারাল আইভরি কোস্ট

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ন, ০৫ জুন ২০২৬ | আপডেট: ৮:৫৪ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আর অল্প কিছুদিন বাকি। শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতে মাঠে নামলেও প্রত্যাশিত ফল পায়নি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফ্রিকার শক্তিশালী দল আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

ম্যাচের শুরুতে আধিপত্য ছিল ফ্রান্সেরই। বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থেকে প্রথমার্ধে লিড নেয় ইউরোপিয়ান দলটি। তরুণ তারকা রায়ান চেরকির দারুণ এক গোলে এগিয়ে যায় ফরাসিরা। তখন মনে হচ্ছিল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে তারা।

আরও পড়ুন: রাফিনিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। নতুন উদ্যমে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে আইভরি কোস্ট। দ্বিতীয়ার্ধের শুরুতেই গুয়েলা দুয়ের গোলে সমতায় ফেরে আফ্রিকান প্রতিনিধিরা।

সমতায় ফেরার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে আইভরি কোস্ট। ম্যাচের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালো দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে স্মরণীয় জয় তুলে নেয় আফ্রিকার দলটি।

আরও পড়ুন: ২০২৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মিউনিখে, ২০২৯ বার্সেলোনায়

বিশ্বকাপের আগে এমন হার নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন ফ্রান্সের মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি। ম্যাচ শেষে তিনি বলেন, প্রস্তুতি ম্যাচের ফলাফল দিয়ে কোনো দলের প্রকৃত শক্তি মূল্যায়ন করা ঠিক নয়।

চুয়ামেনির ভাষ্য, “পরাজয় অবশ্যই হতাশাজনক। তবে আমরা এখনো প্রস্তুতির ধাপে আছি। নিজেদের সামর্থ্যের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। একটি জয় যেমন সব প্রশ্নের সমাধান নয়, তেমনি একটি হারও আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না।”

অন্যদিকে দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। তার মতে, দ্বিতীয়ার্ধে দল প্রত্যাশিত ছন্দ ধরে রাখতে পারেনি।

দেশম বলেন, “আমরা কিছু কৌশলগত পরিবর্তন এনেছিলাম, কিন্তু সেটি পরাজয়ের কারণ হিসেবে দেখানো যাবে না। আইভরি কোস্ট দারুণ গতি ও আত্মবিশ্বাস নিয়ে খেলেছে। এই ম্যাচ আমাদের মনে করিয়ে দিয়েছে যে উন্নতির এখনও যথেষ্ট জায়গা রয়েছে।”

আগামী ১৬ জুন নিউইয়র্কে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স। তার আগে আইভরি কোস্টের বিপক্ষে এই পরাজয় দলটির জন্য সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে।