রাজশাহীর পবায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল, তদন্তে পুলিশ
রাজশাহীর পবা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) ভোরে রাজশাহী-নওগাঁ মহাসড়কের নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় মিছিলটি বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টার দিকে প্রায় ২০ জন নেতা-কর্মী মিছিলটিতে অংশ নেন। মিছিলটি পুঠিয়াপাড়া এলাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য প্রদর্শন করে দ্রুত শেষ করা হয় এবং অংশগ্রহণকারীরা স্থান ত্যাগ করেন।
আরও পড়ুন: সোনাগাজীর নবাবপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা
মিছিলের ব্যানারে লেখা ছিল, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” এবং “অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে”। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে অধিকাংশ অংশগ্রহণকারীর মুখ মাস্কে ঢাকা ছিল। তবে ভিডিওতে দুজনকে শনাক্ত করা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তাদের মধ্যে পবার কাটাখালী পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলাম রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: প্রতারক চক্রের ফাঁদ থেকে বাঁচতে নিজের লোভকে সংযত করতে হবে
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, তিনি মিছিলের বিষয়ে অবগত নন। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকা কোনো সংগঠনের ব্যানারে এ ধরনের কর্মসূচি হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।





