অবশেষে চালু হলো শেরপুর জেলা হাসপাতালের আইসিইউ ইউনিট

Any Akter
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬ | আপডেট: ২:১৩ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ পাঁচ বছর অচল থাকার পর অবশেষে চালু হলো শেরপুর জেলা সদর হাসপাতালের ১০ শয্যার আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট)। গত ৭ জুন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুর জেলা হাসপাতালের অব্যবস্থাপনা ও আইসিইউ ইউনিটের অচলাবস্থার বিষয়টি তুলে ধরার পর তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দ্রুত উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশের আরও নয়টি হাসপাতালের সঙ্গে ভার্চুয়ালি শেরপুর জেলা সদর হাসপাতালের আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন।

পরে বিকেলে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে হাসপাতালের ১০ বেডের আইসিইউ ইউনিট চালুর ঘোষণা দেন।

আরও পড়ুন: জয়পুরহাটে আর্জেন্টিনা প্রেমে বাড়ি রাঙালেন যুবক

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. শাহিন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২১ সালে করোনাকালীন সময়ে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে শেরপুর জেলা সদর হাসপাতালের নবম তলায় আইসিইউ ইউনিটটি স্থাপন করা হয়। তবে প্রয়োজনীয় জনবল সংকট ও অন্যান্য কারণে ইউনিটটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে ছিল।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আধুনিক উপশহর গড়ার স্বপ্ন কবীর আহমেদ ভূঁইয়ার

গত ৭ জুন জাতীয় সংসদে ৭১ বিধিতে বক্তব্য দিতে গিয়ে এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জেলার স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, “শেরপুর জেলা হাসপাতালই এখন আইসিইউতে চলে গেছে।” তার এই বক্তব্য দ্রুত ভাইরাল হয় এবং বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।

পরে বিষয়টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নজরে এলে তিনি আইসিইউ ইউনিটে জনবল সংকট নিরসনের উদ্যোগ নেন। সংসদে বিষয়টি উত্থাপনের মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগসহ আইসিইউ ইউনিট চালু করা হয়।

আইসিইউ ইউনিট উদ্বোধনের পর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, “হাসপাতালের বাকি সমস্যাগুলোও পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “জনগণের কাছে আমার প্রতিশ্রুতি ছিল সংসদে প্রথমেই শেরপুরের হাসপাতালের সমস্যার কথা তুলে ধরব। সেই অনুযায়ী আমি আইসিইউ ইউনিট চালুর দাবি জানাই এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন দিই। এরই প্রেক্ষিতে মাত্র পাঁচ কর্মদিবসের মধ্যে শেরপুর জেলা হাসপাতালের আইসিইউ ইউনিট জনবল নিয়োগসহ চালু করা হয়েছে। ভবিষ্যতেও শেরপুরের স্বাস্থ্যসেবা ও অন্যান্য সমস্যা সমাধানে কাজ করে যাব।”

দীর্ঘদিন পর আইসিইউ ইউনিট চালু হওয়ায় জেলার রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আশা করছেন, এর ফলে গুরুতর রোগীদের উন্নত চিকিৎসাসেবা পেতে আর অন্য জেলায় ছুটতে হবে না।