সংসদে তথ্য উপদেষ্টাকে বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় ক্ষোভ, মন্ত্রীর বিবৃতি দাবি
জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম খান মিলন। তিনি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতের দিল্লির বিমানবন্দরে দুই ঘণ্টা বসিয়ে রাখার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দাবি করেন।
সোমবার (১৫ জুন) সংসদ অধিবেশনে এ ঘটনা উত্থাপন করেন তিনি।
আরও পড়ুন: পটুয়াখালীতে ৩টি স্কুলের ৮০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্র ও পুরস্কার প্রদান
এর আগে রোববার (১৪ জুন) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কূটনৈতিক চিঠি থাকা সত্ত্বেও তথ্য উপদেষ্টাকে দীর্ঘ সময় অপেক্ষায় রাখা এবং পরে দেশে ফিরে আসার ঘটনাকে “অপমানজনক” বলে উল্লেখ করেন সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
তিনি বলেন, যথাযথ কূটনৈতিক চিঠি থাকা সত্ত্বেও কেন তাকে বিমানবন্দরে দুই ঘণ্টা অপেক্ষা করতে হলো এবং শেষ পর্যন্ত কেন তিনি ভারতে প্রবেশ করতে পারেননি—তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়টিতে কোনো কূটনৈতিক ব্যর্থতা রয়েছে কি না এবং সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন।
আরও পড়ুন: ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান করলো আবুল খায়ের গ্রুপ
তিনি আরও বলেন, এই ঘটনাটি জাতীয় মর্যাদা ও কূটনৈতিক সম্পর্কের সঙ্গে জড়িত একটি স্পর্শকাতর বিষয়। তাই সংসদে ৩০০ বিধির আওতায় সংশ্লিষ্ট মন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া উচিত।
তবে স্পিকার এ বিষয়টি পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ না করে বলেন, এটি নিয়ম অনুযায়ী পয়েন্ট অব অর্ডার নয়। সদস্য চাইলে পরবর্তীতে নোটিশ দিয়ে বিষয়টি উত্থাপন করতে পারেন এবং তখন তা বিবেচনা করা হবে।





