রিফাত হত্যা: সাত বছর পরও আলোচিত সেই মামলা, কনডেম সেলে মিন্নির নীরব দিনযাপন

Sanchoy Biswas
মো. সুজন, বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬ | আপডেট: ৫:৩০ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে আলোড়ন তোলা বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার সাত বছর পূর্ণ হলো আজ, ২৬ জুন। ২০১৯ সালের এই দিনে বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির উপস্থিতিতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। নৃশংস এ হত্যাকাণ্ড সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মামলার বিচার শেষে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালত মিন্নিসহ ছয়জন প্রাপ্তবয়স্ক আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই ঘটনায় শিশু আদালত ১১ জন অপ্রাপ্তবয়স্ক আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড ঘটনার ছয় দিন পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কারা সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি বর্তমানে বরিশাল কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে আছেন। তিনি সাদা পোশাকে থাকেন এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ ও ইবাদত-বন্দেগির মাধ্যমে নীরবে দিন কাটাচ্ছেন।

অন্যদিকে, মিন্নির পরিবার শুরু থেকেই দাবি করে আসছে যে, তিনি নির্দোষ এবং প্রকৃত অপরাধীদের আড়াল করতেই তাকে মামলায় জড়ানো হয়েছে। পরিবারের অভিযোগ, তদন্তে অনিয়ম হয়েছে এবং গুরুত্বপূর্ণ আলামত উপেক্ষা করা হয়েছে। তবে এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। আদালতের রায়ে মিন্নিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২

সাত বছর পরও রিফাত শরীফ হত্যা মামলা দেশের অন্যতম আলোচিত ও বহুল আলোচিত বিচারিক মামলাগুলোর একটি হিসেবে জনমনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।