ফেনীতে সবুজায়নের উদ্যোগ, আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬ | আপডেট: ৬:০০ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুরে অবস্থিত আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিটি 'ওয়ান টাচ, ওয়ান ট্রি' কর্মসূচির বাস্তবায়ন-২০২৬ এবং 'জলবায়ু সহনশীল ও সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে' পরিচালিত হয়।

আরও পড়ুন: ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই ব্যক্তিকে ফেরত পাঠাল বিজিবি

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের আগে আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম (জহির)। এতে অংশ নেন আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম বাদশা, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী। র‌্যালিটি নবাবপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেওয়া হয়।

র‌্যালি শেষে কলেজ মাঠের চারপাশে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সভাপতি মোহাম্মদ জহিরুল আলম (জহির)। পরে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অতিথিদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

আরও পড়ুন: সিংড়ায় জোড়মল্লিকা-নিংগইন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি মোহাম্মদ জহিরুল আলম (জহির) বলেন, "জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।"

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম বাদশা বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম হলো বৃক্ষরোপণ কর্মসূচি। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানায়, পরিবেশ রক্ষা ও ক্যাম্পাসকে আরও সবুজ করে গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।