আশুলিয়ায় রাতভর পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) রাত থেকে সোমবার (২৯ জুন) ভোর পর্যন্ত আশুলিয়া থানার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২০ পুরিয়া হেরোইন, ২৫ গ্রাম গাঁজা এবং ১২টি ইয়াবা ট্যাবলেট।
আরও পড়ুন: ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই ব্যক্তিকে ফেরত পাঠাল বিজিবি
আশুলিয়া থানা সূত্রে জানা যায়, রোববার রাত ১০টা ১৫ মিনিটে পানধোয়া এলাকার ইউপি সদস্য আনোয়ার হোসেন রানার অফিসসংলগ্ন তাজুর গলিতে অভিযান চালান থানার এসআই শফিউল আলম সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযানে লিটন মিয়া (৪০) ও মীর নাজমুল ইসলাম (২৯) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ২ গ্রাম ওজনের ২০ পুরিয়া হেরোইন এবং ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এর কয়েক ঘণ্টা পর সোমবার ভোর ৩টা ১৫ মিনিটে জিরানী বাজার এলাকার সিরাজগঞ্জ হোটেলের সামনে অভিযান চালিয়ে ইমরান (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিংড়ায় জোড়মল্লিকা-নিংগইন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে তিন আসামির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদকমুক্ত আশুলিয়া গড়ে তুলতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবার, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।”





