এইচএসসি পরীক্ষায় নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বর্তমানে নকলের ধরন পরিবর্তিত হয়েছে। তাই সময়োপযোগী করে পুরোনো পরীক্ষা আইন সংশোধন করা হয়েছে। কোনো পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ঘটলে প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড।
আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী
মন্ত্রী বলেন, দেশে এখন আর আগের মতো প্রচলিত নকল নেই, তবে এর রূপ বদলেছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে পরীক্ষা আইন সংশোধন করা হয়েছে। নকল ও প্রশ্নফাঁসের মতো অনিয়মের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সংসদে পুরোনো পরীক্ষা আইন পরিবর্তন করে বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইন প্রণয়ন করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন
মতবিনিময় সভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এবং বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





