বগুড়ায় এক যুবক গুলিবিদ্ধ
বগুড়া শহরের সেউজগাড়ী পার্ক রোডের তিনমাথা মোড় এলাকায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে চকসূত্রাপুরের নুরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ আলী (২৪) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ যুবক বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি তার পিঠে বিদ্ধ হয়। আনুমানিক রাত ২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তির পিঠে বিদ্ধ গুলিটি তাৎক্ষণিকভাবে অপসারণ করা সম্ভব হয়নি। তিনি বর্তমানে হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: আকাশপথেই থেমে গেল স্বপ্ন: বাড়ি ফেরা হলো না ইতালি প্রবাসী ফখরুলের
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুলিবিদ্ধ যুবকের পরিবারের দেওয়া তথ্য নিয়ে আমরা কাজ করছি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান তিনি।





