ফেনীতে বৃক্ষমেলা শেষে পুরস্কার বিতরণ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে শেষ হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান-২০২৬। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশ নেওয়া সেরা নার্সারি ও করাতকল মালিকদের পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও স্মারক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক।
আরও পড়ুন: জুলাইয়ের চেতনা ধরে রাখতে ঐক্যের আহ্বান: এমপি মঞ্জুরুল করিম রনি
জেলা সামাজিক বন বিভাগের বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা করাতকল মালিক সমিতির সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, জেলা নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন নার্সারি ও করাতকলের মালিক এবং বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই সরবরাহ করে না, এটি পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি জাহিদুল হাসান
আলোচনা সভা শেষে বৃক্ষমেলায় অংশগ্রহণকারী নার্সারি ও করাতকল মালিকদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৪ জুলাই ফেনী জেলা পরিষদ হল মাঠে সাত দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।





