প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, সফর ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:১৯ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসছেন তারেক রহমান। আগামী ৯ আগস্ট (রোববার) এক দিনের সফরে কক্সবাজার ও চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনের পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক প্রস্তুতি চলছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত করা সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৯টায় মহেশখালীতে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।

আরও পড়ুন: আশুলিয়ায় বিএনপি নেতাকে হত্যার হুমকি, ব্যাগে কাফনের কাপড় ও গুলি

এরপর দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে ত্রাণ বিতরণ করবেন। একই অনুষ্ঠানে ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।

দুপুর ১টার দিকে ফটিকছড়ি যাবেন তারেক রহমান। সেখানে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন: নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত, আহত-৫

পরে হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন। জেলা পরিষদ ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতির পর হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণের সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি ১৫ জন প্রতিবন্ধীকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। রাত ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয়ভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের সংসদ সদস্য ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বাসসকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। তাঁর নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনর্নির্মাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দলের সাংগঠনিক সভা প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান সব সময় তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করেন। চট্টগ্রামের তিনটি সাংগঠনিক ইউনিট—মহানগর, উত্তর ও দক্ষিণ—এর বিএনপি এবং ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তিনি সরাসরি কথা বলবেন। নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন তারেক রহমান চট্টগ্রামের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন বলে তাদের জানানো হয়েছে। নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের পদধারী নেতারা সভায় অংশ নেবেন। পাশাপাশি দীর্ঘদিন দলের দায়িত্ব পালন করা কয়েকজন জ্যেষ্ঠ নেতাকেও আমন্ত্রণ জানানো হবে।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, বাঁশখালীতে প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন বাড়ির চাবি হস্তান্তর করবেন। সেখানে কোনো জনসভা না থাকলেও প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

সার্বিক প্রস্তুতি সম্পর্কে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পুরো টিম কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে প্রস্তুতি নিচ্ছে।