পিরোজপুরে ২৫০ কোটি টাকার পোল্ট্রি শিল্প হুমকির মুখে
পিরোজপুরে ২৫০ কোটি টাকার পোল্ট্রি শিল্প হুমকির মুখে, বছরে প্রায় ৩১ কোটি ডিম উৎপাদন হলেও খরচ তুলতেই হিমশিম খাচ্ছে খামারীরা।
দেশের অন্যতম বৃহৎ ডিম উৎপাদনকারী জেলা পিরোজপুর। এ জেলার প্রায় ৫ হাজার খামার থেকে বছরে ডিম উৎপাদন হচ্ছে ৩০ কোটিরও বেশি। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে লাখ লাখ ডিম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। তবে বাজারে ডিমের দাম বাড়লেও স্বস্তিতে নেই খামারিরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসান সামলে খামার টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছেন তারা। এদিকে উৎপাদিত ডিমের ন্যায্য মূল্য না পাওয়ায় ইতিমধ্যেই অনেক খামারি ঋণে জর্জরিত হয়ে বেছে নিয়েছে ভিন্ন পেশা। খাবার ও ওষুধের দাম না কমলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে জেলার কয়েক হাজার খামারি।
আরও পড়ুন: নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: আব্দুল বারী
দেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দক্ষিনের জেলা পিরোজপুর। মাছ ও মাংসের বাড়তি দামের মধ্যে তুলনামূলক সাশ্রয়ী প্রোটিন হিসেবে ডিমের সরবরাহ সচল রাখতে বড় অবদান রাখছে জেলার ডিম উৎপাদনকারী খামারগুলো। জেলার নেছারাবাদ ও নাজিরপুরে সব থেকে বেশি খামার রয়েছে। এসব খামার থেকে বছরে প্রায় ৩০ কোটিরও বেশি ডিম উৎপাদন হয়।যা স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত সরবরাহ করা হচ্ছে।
উৎপাদিত ডিমের খরচ তুলতে পরছে না বলে দাবি করছেন খামারিরা। জুলাই মাসের শুরুতে প্রতি ডজন ডিম বিক্রি হতো ১২০ থেকে ১২৫ টাকায়। এক মাসের ব্যবধানে আগস্টের শুরুতে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। অর্থাৎ ডজনে প্রায় ২০ টাকা দাম বাড়লেও এর সুফল পাচ্ছেন না খামারিরা।
আরও পড়ুন: কুলাউড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন চার শতাধিক গর্ভবতী মা
খামারিদের অভিযোগ, মুরগির খাবার, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন খরচ বেড়েছে কয়েকগুণ। একদিকে বাড়তি খরচ, অন্যদিকে রয়েছে মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেটের প্রভাব। ফলে বাজারে ডিমের দাম বাড়লেও উৎপাদন খরচের চাপ সামলে লাভ করতে পারছেন না তারা। সব মিলিয়ে লোকশানের কারনে অনেকেই ব্যবসা গুটিয়ে নেওয়ার শঙ্কায় রয়েছেন।
এদিকে ডিমের দাম বাড়ায় কমেছে বিক্রি। গত মাসে যে পরিমাণ ডিম বিক্রি হয়েছে খুচরা বাজারে জুলাই মাসে তেমন বিক্রি হয়নি এমনটাই বলছেন ডিম বিক্রেতারা। দাম বেড়ে যাওয়ায় কম বিক্রি হওয়ার ডিম নিয়ে বিপাকে বিক্রেতারা।
এদিকে ক্রেতারা বলছেন, গত মাসেও ৪০ থেকে ৪২ টাকা হালিতে ডিম বিক্রি হয়েছে কিন্তু আগস্ট মাসের শুরুতে তা বেড়ে ৪৮ থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে। যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সিন্ডিকেট ব্যবসার কারণে ডিমের দাম বৃদ্ধি পেলে প্রশাসনকে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের খামারি ইমন শেখ বলেন, বর্তমানে ডিমের দাম বৃদ্ধি থাকলেও খামারিরা তার সুফল পাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ীরা যখন দাম কম থাকে তখন তারা ডিমের দাম কমিয়ে কম দামে ডিম ক্রয় করে মজুদ করে। পরে তারাই ডিমের দাম বাড়িয়ে দিয়ে নিজেদের মজুদ করা ডিম বাজারে বিক্রি করে। যা খামারিদের জন্য মারাত্মক ক্ষতি। এ কারণে অনেক খামারি ঋণে জর্জরিত হয়ে ভিন্ন পেশায় চলে গিয়েছে।
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খামারি প্রসেনজিৎ হাওলাদার বলেন, ডিমের সিন্ডিকেট না ভাঙলে কোন খামারি টিকবে না। একটা ডিম উৎপাদন করতে যে টাকা খরচ হয়, এই পরিমাণ বিক্রি মূল্য পাওয়া যায় না। তার উপরে খাবারের দাম বৃদ্ধি, ওষুধের দাম বৃদ্ধি তা তো আছেই। এত খরচ দিয়ে উৎপাদিত ডিমে লাভের কথা চিন্তা করা যায় না। সরকারের কাছে দাবি জানাই খাবার এবং ওষুধের দাম কমানো হোক। তাহলে খামারিরা বাঁচবে।
নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নের খামারি ফিরোজ শেখ বলেন, এখন খাবারের দাম অনেক বেশি, ওষুধের দাম বেশি, মুরগির বাচ্চার দাম বাইড়া গেছে। যে ডিম উৎপাদন হয় তাতে খাবার খরচ হয় না। অনেকে ধার দেনায় জর্জরিত হইয়া খামার বন্ধ কইরা দিছে এবং দেশ ছেড়ে চইলা গেছে। এখন খাবারের দাম আর ওষুধের দামটা যদি একটু কমে তাহলে খামারিরা ভালো থাকতে পারবে।
ডিম বিক্রেতা আনিস শেখ বলেন, বেচাকেনা অর্ধেক হইয়া গেছে। গত মাসে যে পরিমাণ ডিম বিক্রি হয়েছে এই মাসে এমন বেচা কিনা হচ্ছে না। আমরাও চাই ডিমের দাম কমুক, ডিমের দাম কমলে আমাদেরও বেচাকেনা ভালো হয়, ক্রেতারা খুশি থাকে।
ডিম ক্রেতা শফিকুল ইসলাম বলেন, আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের ডিম কিনতেই হয়, না কিনে উপায় নাই। ডিমের যে বাজারের দাম, এত দাম দিয়ে কিনে ডিম খাইতে পারি না। মাছ-মাংসে প্রচুর দাম, এজন্যই ডিম একটু বেশি কেনা পরে কিন্তু তাও ডিমের দাম বেড়ে গেছে। ৪০ টাকার ডিম এখন ৪৮ টাকা কিনতে হয়। আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে তা সম্ভব না।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরুন কুমার সিকদার বলেন, পিরোজপুর জেলায় প্রায় সাড়ে চার হাজারেরও বেশি পোল্ট্রি খামার রয়েছে। বাৎসরিক উৎপাদন হচ্ছে প্রায় ৩১ কোটি ডিম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। পিরোজপুরে সব থেকে বেশি ডিম উৎপাদন হয় নেছারাবাদ ও নাজিরপুরে। জেলায় ৩০০ এর মত খামার বন্ধের উপক্রম। নতুন করে প্রায় ১৬০ টি খামার তৈরি হয়েছে।
তিনি আরো বলেন, এই ফার্ম বন্ধের কারণ হচ্ছে, খাবারের দামের ঊর্ধ্বগতি, যার কারণে ডিম উৎপাদনে খরচ বেশি হচ্ছে। উৎপাদন খরচ না ওঠায় অনেক খামারি তাদের খামার বন্ধ করে দিয়েছে। পিরোজপুর জেলার উৎপাদিত ডিম স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, খুলনা, বরিশাল সহ বিভিন্ন অঞ্চলে যায়। মধ্যস্বত্বভোগী কিছু ব্যবসায়ী আছে যাদের কারণে খামারিরা বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। খামারি থেকে বক্তা পর্যন্ত একটা ডিম আসতে দুই থেকে তিন টাকা চলে যায়। জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর খামারিদের সব রকম সহযোগিতা করে আসছে।
পিরোজপুর থেকে বছরে প্রায় ৩২ কোটি ডিম উৎপাদন হয়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত সরবরাহ করা হচ্ছে। দেশের ডিমের বড় একটি চাহিদা পূরণ হচ্ছে পিরোজপুর থেকে। খামারিদের মতে, উৎপাদন খরচ কমানো এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও সংকটে পড়তে পারে এই শিল্প।





