অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী
অর্থ সংকটের কারণে দেশের কোনো মানুষকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশে এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন, যাতে উন্নত চিকিৎসার জন্য মানুষকে বিদেশে যেতে না হয়।
শনিবার (১৫ আগস্ট) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিনি জানান, আগামী অক্টোবর মাসে দেশে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে। চিকিৎসাসেবার সুযোগ আরও সম্প্রসারণের পাশাপাশি আর্থিক অসচ্ছলতার কারণে যেন কোনো রোগী চিকিৎসাবঞ্চিত না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় হাসপাতাল চত্বরে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনের উদ্বোধন কার্যক্রম সম্পন্ন করেন।
আরও পড়ুন: দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন ভবনের ৫০০ শয্যা যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যা সংখ্যা এখন ১ হাজারে দাঁড়িয়েছে। ফলে দেশের স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার সুযোগ আগের তুলনায় আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে এত বড় পরিসরের নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। রোগীর চাপ ক্রমাগত বাড়তে থাকায় পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা সংযোজন করা হয়। এবার ১৫ তলা নতুন ভবনের মাধ্যমে যুক্ত হলো আরও ৫০০ শয্যা।





