যুবলীগের ঝটিকা মিছিলের পর এক ফাঁড়ির সব পুলিশ সদস্য বদলি
ময়মনসিংহ নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের পর নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়িতে কর্মরত ইনচার্জসহ ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাতে ময়মনসিংহের পুলিশ সুপার মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ এমপির
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ থেকে ২৪ আগস্টের মধ্যে ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, চারজন উপপরিদর্শক (এসআই), পাঁচজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ১৭ জন কনস্টেবলকে জেলার বিভিন্ন থানা ও কর্মস্থলে বদলি করা হয়।
এর ফলে গত চার দিনে ওই ফাঁড়িতে কর্মরত সব ২৭ কর্মকর্তা ও সদস্যকেই বদলি করা হয়েছে।
আরও পড়ুন: আশুলিয়ায় সরকারি পুকুরের মাটি রাতে ট্রাকে নেওয়া নিয়ে প্রশ্ন
তবে এই বদলির সঙ্গে কোনো নির্দিষ্ট মিছিলের ঘটনার সম্পর্ক নেই বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. কামরুল হাসান।
তিনি বলেন, ‘নির্দিষ্ট কোনো মিছিলের কারণে নয়, এটি নিয়মিত বদলির অংশ। গত চার দিনে ১ নম্বর ফাঁড়িতে কর্মরত মোট ২৭ জনকেই বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে। এটি স্বাভাবিক বদলি।’
এর আগে গত ২১ আগস্ট সকালে ময়মনসিংহ নগরের গাঙ্গিনারপাড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন।
মিছিল শেষে গাঙ্গিনারপাড় চৌরাস্তা মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশও করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীদের ধাওয়া করা হয়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এর চার দিনের মধ্যে নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়িতে কর্মরত সব কর্মকর্তা ও সদস্যকে বদলি করা হয়। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বদলিকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।





