নিখোঁজের ৫ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর রুমন (২৩) নামে এক ইজিবাইক চালকের গলিত মরদেহ একটি আখখেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান জানান, এঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, 'ইজিবাইক ছিনিয়ে নেওয়ার জন্য রুমনকে হত্যা করা হয়েছে। '
আরও পড়ুন: গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাবুই পাখির বাসা এখন আর চোখে পড়ে না
বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌরসভার পিঠালীতলা-পুঠিমারী বিল এলাকার একটি আখখেত থেকে রুমনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুমন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগান গ্রামের মো. রাজুর ছেলে।
আরও পড়ুন: শ্রীনগরে পুলিশের লুট হওয়া ৫০ শটগান কার্তুজ উদ্ধার
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, রিমান্ডে থাকা আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় আখখেত থেকে রুমনের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২১ আগস্ট সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রুমন। পরদিন এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। পরে ২৩ আগস্ট রুমনের স্ত্রী নাজমা সুলতানা শিবগঞ্জ থানায় অপহরণ মামলা করেন।
মামলা দায়েরের দিনই মো. রফিক, মো. ফারুক ও মো. ওমর নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময় রুমনের ইজিবাইকটিও খোলা অবস্থায় উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়।
ওসি মতিউর রহমান বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই রুমনের মরদেহের সন্ধান মেলে। গ্রেপ্তার ব্যক্তিরা ইজিবাইক নেওয়ার উদ্দেশ্যে রুমনকে হত্যা করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।





