মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের ভিত্তি: আনসার-ভিডিপি মহাপরিচালক
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাংগঠনিক সক্ষমতা জোরদার, মাঠপর্যায়ের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে দেশের দুটি উপজেলায় আধুনিক অফিস ভবন এবং ছয়টি জেলায় অফিসার্স আবাসন নির্মাণ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এসব অবকাঠামোর উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আরও পড়ুন: সেই মেজর শামসুল হায়দার সিদ্দিকী আইজি প্রিজন্স হচ্ছেন
উদ্বোধন অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় এসব অবকাঠামো নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ। নবনির্মিত স্থাপনাগুলোর যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
একই সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে সুষ্ঠু অর্থনৈতিক চর্চা, চারিত্রিক ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রেখে সরকারি দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান মহাপরিচালক।
আরও পড়ুন: ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি, একজনকে সংযুক্ত
তিনি বলেন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করা না গেলে দেশ ও জাতির কল্যাণে বাহিনীর নির্ধারিত লক্ষ্য যথাযথভাবে অর্জন সম্ভব নয়।
মহাপরিচালক আরও বলেন, পারস্পরিক সহযোগিতার মনোভাব, নৈতিক মূল্যবোধ ও পেশাগত নিষ্ঠাকে মূল উপজীব্য করে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারলেই বাহিনীর সক্ষমতার যথাযথ প্রতিফলন ঘটবে।
নবনির্মিত স্থাপনাগুলোকে বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করে তিনি এগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। আধুনিক অবকাঠামোর যথাযথ ব্যবহার ও সুশৃঙ্খল দাপ্তরিক ব্যবস্থাপনার মাধ্যমে মাঠপর্যায়ে বাহিনীর সেবা কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনমুখী হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাঠপর্যায়ে কর্মকর্তাদের কর্মপরিবেশ ও আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর, নীলফামারী, কুড়িগ্রাম ও লক্ষ্মীপুর জেলায় জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের কর্মকর্তাদের জন্য অফিসার্স আবাসন নির্মাণ করা হয়েছে।
এ ছাড়া তৃণমূল পর্যায়ে বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও বগুড়ার ধুনট উপজেলায় তিনতলা ভিতবিশিষ্ট আধুনিক ও মানসম্মত উপজেলা আনসার ও ভিডিপি অফিস ভবন নির্মাণ করা হয়েছে।
উল্লেখ্য, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। নবনির্মিত উপজেলা অফিস ভবন ও অফিসার্স আবাসন এ কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে বাহিনীর সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।





