হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর পৃথক দুটি বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় এনিমেল মেডিসিন, খাবার, শ্যাম্পু, মেহেদী, চা-পাতা ও জিরাসহ একটি পিকআপ ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। চোরাচালানের মাধ্যমে এসব পণ্য বাংলাদেশে আনা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীন সিন্দুরখান বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৪৬/এম থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গান্ধীছড়া চা-বাগান এলাকায় অভিযান চালায়।
আরও পড়ুন: ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও মাদক ব্যবসায়ী শিপনসহ গ্রেপ্তার ৪
এ সময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় এনিমেল মেডিসিন, খাবার ও শ্যাম্পু উদ্ধার করা হয়। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ২৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
অন্যদিকে, একই দিনে বিকেল আনুমানিক ৪টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা ২০ নম্বর চা-বাগান এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ওই এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয় বিজিবির একটি আভিযানিক দল।
আরও পড়ুন: নাসিরনগরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বিজিবি জানায়, একটি নির্দিষ্ট কাভার্ড ভ্যানে ভারতীয় অবৈধ পণ্য পরিবহন করা হতে পারে—এমন তথ্য আগে থেকেই তাদের কাছে ছিল। চেকপোস্টে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাভার্ড ভ্যানটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে বিজিবির আভিযানিক দল পরিত্যক্ত কাভার্ড ভ্যানটি উদ্ধার করে তল্লাশি চালায়। এ সময় মাছের খাবারের বস্তার মোড়কে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা, কাবেরী মেহেদী ও জিরা উদ্ধার করা হয়। এসব পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। আটককৃত পণ্য ও গাড়িসহ এ অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯১ লাখ ৭০ হাজার টাকা।
দুটি অভিযানে জব্দকৃত পণ্য ও যানবাহনের মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখার পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।
একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণকে সক্রিয় সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিজিবি।##





