সিএমপির ছয় থানার ওসি বদলি
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।অফিস আদেশ অনুযায়ী, পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন খুলশী থানার ওসি মোজাম্মেল হক। আর কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কর্ণফুলী থানার বর্তমান ওসি মো. ইখতিয়ার উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে।
এ ছাড়া সিটিএসবির মোহাম্মদ আবদুর রহিমকে খুলশী থানার ওসি করা হয়েছে। ডিবির বন্দর জোনের পুলিশ পরিদর্শক মো. জয়নাল আবেদীন মণ্ডলকে হালিশহর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিভিন্ন দূতাবাসে চাঁদাবাজির দাবি, পদক্ষেপ নিচ্ছে পুলিশ
অন্যদিকে, সিটি এসবির মোহাম্মদ একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। অফিস আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।





