১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:০৫ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার রাতে জেলার জানমারাটিলা ডাউন এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়। সোমবার (৩১ আগস্ট) খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ওই এলাকা দিয়ে ভারতীয় চোরাচালানি মালামাল পাচারের তথ্য পেয়ে খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীবের নির্দেশনায় একটি বিশেষ টহল দল অভিযান চালায়।

আরও পড়ুন: আশুলিয়ার কবিরপুর পুলিশ ফায়ারিং রেঞ্জ পরিদর্শনে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল

সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে দলটি ডাইনচন্দ্রবাড়ী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং দুটি সীমান্ত পিলারের মাঝামাঝি বাংলাদেশের প্রায় ৩০০ গজ অভ্যন্তরে জানমারাটিলা ডাউন এলাকায় যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে রাত ৮টার দিকে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় শাড়িভর্তি সাতটি বস্তা পাওয়া যায়।

বস্তাগুলো খুলে ১৬০টি ভারতীয় সিল্ক ও জামদানি কাতান শাড়ি পাওয়া যায়। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দ করা মালামাল স্থানীয় শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: গাবতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন-মামলার প্রস্তুতি

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযানও অব্যাহত থাকবে।