টাঙ্গাইলের মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড়িয়া এলাকা ধলপুর-পলাই আটা গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ইব্রাহিম হোসেন (৩৮) নামের এক ওয়্যারিং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম হোসেন উপজেলার জয়নতলী গ্রামের মুন্সির ছেলে।
আরও পড়ুন: পদ্মার পানি বাড়ায় শিবগঞ্জে পানিবন্দী ১০ হাজার মানুষ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইব্রাহিম পেশায় একজন বিদ্যুতের ওয়্যারিং মিস্ত্রি ছিলেন। ঘটনার সময় তিনি মহিষমারা ইউনিয়নের ধলপুর-পলাই আটা গ্রামে বিদ্যুতের লাইনে কাজ করছিলেন। সেখানে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার





