ফেনীর মুহুরীগঞ্জে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
ফেনীর মুহুরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন।
ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে ছিল। পরে সেটিকে একটি লং ভেহিক্যালের সঙ্গে বেঁধে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহণের একটি বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
আরও পড়ুন: শ্যামনগরে হাটু পানিতে ডুবে আছে একাধিক বিদ্যালয় ও কবরস্থান
দুর্ঘটনায় ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসটির চালক মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহত একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ফাজিলপুর হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান, ইউনিক পরিবহণের বাস ও লং ভেহিক্যালসহ তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: রায়পুরে স্বামী-স্ত্রীসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের কয়েকজন সদস্য আটক





