আবাসিক হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ মোটরসাইকেল পুড়ে ছাই

Sadek Ali
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুর সদর উপজেলায় একটি আবাসিক হোটেলের পার্কিংয়ে থাকা প্রাইভেটকার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে ছয়তলা ভবনজুড়ে। প্রাণ বাঁচাতে হোটেলে থাকা ১৭ জন ছাদে উঠে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের চেষ্টায় তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। এছাড়া নিচতলার পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নুর হোটেল ইন্টারন্যাশনাল এর ছয়তলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।

আরও পড়ুন: শ্যামনগরে হাটু পানিতে ডুবে আছে একাধিক বিদ্যালয় ও কবরস্থান

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে হোটেলের নিচতলার পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে গাড়িটির একটি চাকায় বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পর গাড়ির ভেতরে থাকা সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে পার্কিং এলাকা থেকে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হোটেলের ভেতরে থাকা ১৭ জন আতঙ্কিত হয়ে পড়েন। ধোঁয়া ও আগুনের তীব্রতা বাড়তে থাকলে তারা নিরাপদ আশ্রয়ের জন্য ভবনের ছাদে উঠে যান। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পর হোটেলের ছাদে আটকে থাকা ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে পাঁচজন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: রায়পুরে স্বামী-স্ত্রীসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের কয়েকজন সদস্য আটক

প্রত্যক্ষদর্শী আলিম কাজী বলেন, নিচের পার্কিংয়ে থাকা গাড়িটি থেকে কোনোভাবে আগুনের সূত্রপাত হয়। প্রথমে চাকা বিস্ফোরিত হলে আমরা দূরে সরে যাই। কিছুক্ষণ পর বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে পুরো বিল্ডিং কেঁপে ওঠে এবং মুহূর্তেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ওপরে কয়েকজন মানুষ আটকা পড়েছিলেন। তারা দরজা ভেঙে ছাদে চলে যান। পরে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে।

পালং মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুধাংশু সরকার বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনে ওপরে আটকে থাকা সবাইকে বের করে আনা হয়। তবে নিচের পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, আনুমানিক রাত দেড়টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসে দেখি হোটেলের নিচে গাড়ি রাখার জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের তীব্রতা প্রতিটি তলায় পৌঁছে যায়। আগুন বেশি থাকায় প্রথমদিকে আমরা ওপরে পৌঁছাতে পারছিলাম না। পরে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে ছাদে আটকে থাকা ১৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে পাঁচজন আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে গেলেও মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি