উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়নে ঢাবিকে সহায়তার আগ্রহ জাইকার

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:১৩ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষা-শিল্পের মধ্যে সহযোগিতা জোরদারে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) সহায়তা ও সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে জাইকার ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানানো হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাইকার প্রতিনিধি নিশি রিজুকি।

সাক্ষাৎকালে বাংলাদেশে উচ্চশিক্ষায় সহায়তার জন্য জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন ‘Potential Yen Loan Project to Support Higher Education in Bangladesh’ শীর্ষক প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ সময় জাইকা প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়নে প্রয়োজনীয় ইকোসিস্টেম তৈরি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণা দক্ষতা উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন: রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম

এ ছাড়া উচ্চশিক্ষা ও গবেষণার গুণগত মান বৃদ্ধি, শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা জোরদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ একাডেমিক ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আঞ্চলিক ও স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা ও একাডেমিক নেটওয়ার্ক শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা। এ বিষয়ে জাইকা প্রতিনিধিদলের দলনেতা প্রকল্পটির একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করেন।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রকল্পটি গ্রহণের উদ্যোগ নেওয়ায় জাইকা প্রতিনিধিদের ধন্যবাদ জানান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রম আরও এগিয়ে নিতে জাইকার সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন: ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিন

উপাচার্য বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী উল্লেখ করে তিনি উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়নে জাপানের আরও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), তৃতীয় ভাষা, জীববিজ্ঞান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ও পরিবেশবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে ল্যাবভিত্তিক শিক্ষার মানোন্নয়নে জাইকার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি গবেষণা কার্যক্রম আরও কার্যকর করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘Lab to Lab’ সহযোগিতা কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ল্যাবরেটরি, বিশেষ করে সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (CARS)-এর বিভিন্ন যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে আর্থিক সহযোগিতার জন্যও জাইকার প্রতি আহ্বান জানান উপাচার্য।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারেক, সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের (CARS) পরিচালক অধ্যাপক ড. আমিনুল আই. তালুকদার, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শায়লা কবির, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিমুল হালদার, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সুগত আহমেদ এবং জনসংযোগ দপ্তরের পরিচালক মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

জাইকা প্রতিনিধিদলে আরও ছিলেন কুমামতো বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. তোশিউকি উসাগাওয়া, জাইকার হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র অ্যাডভাইজার ড. উসাগাওয়া তোশিউকি, সায়েরি মুতো, মোচিজুকি হিরোশি এবং ওতানি ওনরি।