মুন্সীগঞ্জে বিএনপির ১৩ নেতাকর্মী বহিষ্কারের ‘বিজ্ঞপ্তি’ ভুয়া

Shahrier Islam Pallab
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:১১ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের বিএনপির ১৩ নেতাকর্মীকে বহিষ্কারের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি প্রেস বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এ বিষয়ে দলের সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালীন তাঁর নাম ব্যবহার করে গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে।

আরও পড়ুন: সাংবাদিক গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বন্দর প্রেসক্লাবের মানববন্ধন

বিএনপির কেন্দ্রীয় দফতর জানায়, ফেসবুকে প্রচারিত ওই বিজ্ঞপ্তির সঙ্গে দলীয় কার্যালয়ের কোনো সম্পৃক্ততা নেই। বিজ্ঞপ্তিটি বিএনপির দফতর থেকে কোনো মাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ জেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও যুবদলের ১৩ নেতাকর্মীকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারের কথা উল্লেখ করা হয়।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

কথিত ওই বহিষ্কারের তালিকায় আধারা ইউনিয়ন বিএনপির সদস্য নাসির ডাক্তার, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন সরকার ও মাহবুবুর রহমান খান, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, ৬ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মীর শরিফ, আধারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিদার হোসেন, আধারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার দেওয়ান, মহাকালী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর মিজি এবং পঞ্চসার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ডালিমের নাম ছিল।

এ ছাড়া কথিত বহিষ্কার তালিকায় মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নিজাম উদ্দিন মেম্বার, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য তানভীর আহম্মেদ তারমিন এবং সাবেক জেলা বিএনপির সভাপতি ও পাঁচ বারের সংসদ সদস্য আব্দুল হাইয়ের পুত্র ইফতেখার আলম রিপনের নামও উল্লেখ করা হয়।

তবে বিএনপির কেন্দ্রীয় দফতরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, এসব নেতাকর্মীকে বহিষ্কারের কথা উল্লেখ করে যে বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে, সেটি বিএনপির কোনো অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তি নয়। ফলে ওই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।


বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়েছে, দলীয় কোনো সিদ্ধান্ত বা প্রেস বিজ্ঞপ্তি নিয়ে সংশয় দেখা দিলে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের কাছ থেকে সত্যতা যাচাই করতে হবে।

৬ সেপ্টেম্বরের এই আনুষ্ঠানিক বিবৃতির মধ্য দিয়ে মুন্সীগঞ্জের ১৩ নেতাকর্মীকে বহিষ্কারের নামে ফেসবুকে ছড়িয়ে পড়া কথিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া বলে বিএনপির কেন্দ্রীয় দফতর স্পষ্ট করেছে।