চবিতে ব্যানার টানাতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হল গেটে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল গেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং একজন অ্যাথলেট হিসেবে পরিচিত ছিলেন।
শহীদ আব্দুর রহমান গেট এলাকায় নিজ ডিপার্টমেন্টের ব্যানার টাঙানোর সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন আরিফ। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান।সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক)রেফার করা হয়। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।আরিফের আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও পরিচিতরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ছেলের গলায় অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ
চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি গণমাধ্যমকে বলেন,আরিফ রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়।এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথেই ছোট ভাইটি রবের ডাকে সাড়া দেয়। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এবং চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভাই এভারকেয়ার হসপিটালে অবস্থান করছি।
মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় আরিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। আরিফের মৃত্যুশোক যাতে শোকাহত পরিবার-পরিজন ধৈর্য সহকারে কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তাঁরা মহান আল্লাহর নিকট দোয়া করেছেন।
আরও পড়ুন: পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত





