আশ্বিনের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকা নীলফামারীর ডোমার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:০২ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শীতের মৌসুম এখনো শুরু হয়নি। এরই মধ্যে আশ্বিনের শুরুতেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নীলফামারীর ডোমার উপজেলা। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকা কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। ঘন কুয়াশার কারণে কয়েক মিটার দূরের গাছপালা, ঘরবাড়ি ও সড়কও স্পষ্ট দেখা যায়নি।

ভোরের মাঠ-প্রান্তর ও ফসলের জমিগুলো সাদা কুয়াশায় ঢেকে যাওয়ায় প্রকৃতিতে তৈরি হয় ভিন্ন এক আবহ। তবে সৌন্দর্যের পাশাপাশি কুয়াশার কারণে সড়কে কমে যায় দৃশ্যমানতা। ফলে ঝুঁকি এড়াতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা যায়।

আরও পড়ুন: ভৈরবে সেরা বিদ্যালয়ের সম্মাননা পেল কমলপুর মোজাফফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়

সকাল বাড়ার আগ পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকা অনেকটাই ঝাপসা ছিল। সড়কের পাশের গাছপালা এবং দূরের স্থাপনাগুলো কুয়াশার আড়ালে থাকায় যানবাহন চলাচলেও সতর্কতা দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরেই রাতে তুলনামূলক ঠান্ডা অনুভূত হচ্ছিল। তবে আশ্বিনের শুরুতেই এমন ঘন কুয়াশা দেখা যাবে, তা তাদের অনেকের কাছেই অপ্রত্যাশিত। সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন পরিবেশে চারপাশে অনেকটা শীতের আমেজ অনুভূত হয়।

আরও পড়ুন: লংলা কলেজে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

আবহাওয়াবিদরা বলছেন, রাতের তাপমাত্রার তারতম্য এবং বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতির কারণে ভোরে এ ধরনের কুয়াশা বা আবছা আবরণ তৈরি হতে পারে। দিনের তুলনায় রাত ও ভোরে ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাস দ্রুত ঠান্ডা হলে বাতাসে থাকা জলীয়বাষ্প ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে ভেসে থাকে। এর ফলেই ভোরে কুয়াশার মতো পরিবেশ তৈরি হয়।

আশ্বিনের শুরুতে এমন কুয়াশার কারণ ব্যাখ্যা করে সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, তাপমাত্রার তারতম্য ও বাতাসে থাকা জলীয়বাষ্পের কারণে ভোরে এ ধরনের কুয়াশা বা আবছা আবরণ দেখা দিতে পারে। রাত ও ভোরে ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাস দ্রুত ঠান্ডা হয়ে গেলে জলীয়বাষ্প ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। সেগুলো বাতাসে ভেসে থাকার কারণে কুয়াশার মতো আবহ তৈরি হয়।

তিনি বলেন, ‘এ সময় প্রকৃতপক্ষে কুয়াশা হওয়ার কথা নয়।’

লোকমান হাকিম আরও জানান, বুধবার সকাল ৬টায় সৈয়দপুর আবহাওয়া অফিসে সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ঘন কুয়াশায় ডোমারের মাঠ-ঘাট ও ফসলি জমিতে মনোরম দৃশ্যের সৃষ্টি হলেও সড়কে চলাচলের ক্ষেত্রে চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।