চুনারুঘাটে মাদক ব্যবসার অভিযোগ: প্রকাশিত সংবাদের প্রতিবাদ
চুনারুঘাটে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়েছেন আব্দুল জাহির মিয়া। গত ৩০ সেপ্টেম্বর দৈনিক তরফ বার্তায় প্রকাশিত ‘চুনারুঘাটে আব্দুল জাহিরের সহযোগিতায় তার ভাইয়ের জমজমাট মাদক ব্যবসা’ শীর্ষক সংবাদকে তিনি মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
এক প্রতিবাদপত্রে আব্দুল জাহির মিয়া বলেন, প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে প্রকৃত তথ্যের কোনো মিল নেই। তিনি নিজেকে একজন আইনমান্যকারী নাগরিক দাবি করে কোনো ধরনের অপরাধমূলক বা মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলে উল্লেখ করেন।
আরও পড়ুন: সোনাগাজীতে সোশ্যাল এইডের উদ্যোগে অভিবাসন সচেতনতা কর্মশালা
প্রতিবাদপত্রে তিনি অভিযোগ করেন, চুনারুঘাটের মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি সিন্ডিকেটের সদস্যদের দেওয়া বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ওই সংবাদ প্রকাশ করা হয়েছে। তার দাবি, এর আগে দৈনিক সমাচার ও জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকায় চুনারুঘাটের মাদক ব্যবসা নিয়ে ‘বিদেশে বসে চুনারুঘাটের মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছে ফয়সাল সিন্ডিকেট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই সংবাদ প্রকাশের পর থেকেই একটি পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
আব্দুল জাহির আরও দাবি করেন, ফয়সাল নামে এক ব্যক্তি বর্তমানে সৌদি আরবে অবস্থান করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। তার বিরুদ্ধে দেশে একাধিক মাদক মামলা রয়েছে বলেও প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিবাদপত্রের বাইরে স্বাধীনভাবে কোনো তথ্য বা নথি উপস্থাপন করা হয়নি।
আরও পড়ুন: সংসদে ডা. বাচ্চুর উত্থাপিত ভূমি জটিলতায় মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
প্রতিবাদপত্রে আরও অভিযোগ করা হয়, আখাউড়া, বিজয়নগর ও চুনারুঘাট সীমান্ত ব্যবহার করে মাদকের চালান দেশে প্রবেশ করানো হচ্ছে। এ ছাড়া ফয়সালের সঙ্গে তার আপন বড় ভাই ও বাহরাইনপ্রবাসী বিল্লাল মিয়ার পারিবারিক বিরোধের কথাও উল্লেখ করেন আব্দুল জাহির।
তার দাবি, মাদক রাখার বিষয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিল্লাল মিয়ার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও তিনি উল্লেখ করেন। এ ঘটনায় বিল্লাল মিয়া ফয়সালের বিরুদ্ধে মামলা করেছেন বলে প্রতিবাদপত্রে দাবি করা হয়েছে।
আব্দুল জাহির মিয়া বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষকে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।
একই সঙ্গে প্রকাশিত সংবাদের পেছনের প্রকৃত তথ্য তুলে ধরার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।





