নবীনগরে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ জব্দ

Sadek Ali
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:১৮ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পৃথক দুটি অভিযানে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দুটি ড্রেজার ও বিপুলসংখ্যক পাইপ জব্দ করে অকেজো করে দেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের বাঁশবাজার বোর্ড অফিস ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: কাফনের কাপড় পরে আন্দোলনের পর নিয়োগপত্র পেলেন ২০ শিক্ষক

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’-এর সংশ্লিষ্ট ধারায় এক অপরাধীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

একই দিন ইব্রাহীমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পৃথক আরেকটি অভিযান চালানো হয়। এ সময় প্রায় ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা মূল্যের দুটি ড্রেজার এবং ৭০ থেকে ৮০টি পাইপ জব্দ করা হয়। পরে এসব সরঞ্জাম অকেজো করে দেওয়া হয়। তবে অভিযান পরিচালনার সময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি

অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা।

সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, জনস্বার্থে এবং পরিবেশ ও ফসলি জমি রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।