দুর্গাপুর সীমান্তে দুই বাংলাদেশি ও মানব পাচারকারী আটক

Shahrier Islam Pallab
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২৯ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১বিজিবি)। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক আদর্শনগর গ্রামের প্রান্ত সরকার (২০), একই উপজেলার শালনগিয়া গ্রামের নিটন সরকার (২০) এবং তাঁদের বাংলাদেশে নিয়ে আসার চেষ্টাকারী মানব পাচারকারী সিলভার সাংমা। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের পরিচয় ও আটকের তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: মোহনগঞ্জে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু

বিজিবি সূত্রে জানা গেছে, নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)–এর ভবানীপুর বিওপির টহল দল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রাম থেকে তাঁদের আটক করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক দুই বাংলাদেশি নাগরিক প্রায় দুই মাস আগে মানব পাচারকারী সিলভার সাংমার মাধ্যমে ৬ হাজার টাকা দিয়ে ভারতে যান। সেখানে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে তাঁরা ভারতের কুচবিহারে গিয়েছিলেন। পরে শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে সিলভার সাংমাকে সাড়ে ৬ হাজার টাকা দিয়ে তাঁর মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন তাঁরা। এ সময় বিজিবির টহল দলের হাতে ধরা পড়েন।

আরও পড়ুন: কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী

বিজিবি আরও জানায়, আটক দুই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, তাঁরা দুই মাস আগে ভারতে গিয়েছিলেন। আটক মানব পাচারকারী সিলভার সাংমা এবং দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ৬ জুন মানব পাচারের অভিযোগে সিলভার সাংমাকে আটক করে বিজিবি। পরে তাঁকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। ওই ঘটনায় ৬ জুন মামলা করা হয়েছিল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।