চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা সিয়াম আটক

Shahrier Islam Pallab
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৫২ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মো. সিয়াম বেপারী (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার ছাবুল্লা মাতুব্বরের ডাঙ্গী (নয়াডাঙ্গী) এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি ও সদরপুর থানা এবং ঢাকার উত্তরা পশ্চিম থানায় আরও তিনটি মামলা রয়েছে।

গ্রেফতার সিয়াম বেপারী চরভদ্রাসন উপজেলার আমান বেপারী ও ছকিনা বেগমের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চরভদ্রাসন উপজেলা শাখার সক্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন: সুনামগঞ্জের ৪২ মণ্ডপে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পুলিশ সূত্রে জানা যায়, চরভদ্রাসন থানার এসআই (নিরস্ত্র) মোজাম্মেল হক বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় নিজ বাড়ি থেকে সিয়াম বেপারীকে গ্রেফতার করা হয়। তিনি চরভদ্রাসন থানায় ২০২৫ সালের ১৪ আগস্ট দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(৩), ১০, ১১ ও ১৩ ধারার একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সিয়াম বেপারীর বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় ২০২৪ সালের ৭ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় একটি মামলা রয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানায় ২০২৫ সালের ২৪ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রয়েছে। ওই মামলায় ২০২৫ সালের ১৮ মার্চ অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিক আলিফকে সামনে থেকে গুলি, ৬টি গুলির ৫টিই ভেদ করে যায়

এ ছাড়া ফরিদপুরের সদরপুর থানায় ২০২৪ সালের ১৭ মার্চ দায়ের করা দণ্ডবিধির ১৪৩, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ১৮৬, ৩০৭ ও ৩৪ ধারার একটি মামলাতেও তার নাম রয়েছে। ওই মামলায় ২০২৪ সালের ৯ জুলাই অভিযোগপত্র দাখিল করা হয় বলে পুলিশি নথিতে উল্লেখ রয়েছে।

গ্রেফতারের পর সিয়াম বেপারীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এসব মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।