মাত্র ৯ বছরেই ফাতিমার বিজয়যাত্রা

Sanchoy Biswas
মবিনুল ইসলাম রাশা
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ৫:৫৮ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বয়স নয় ছুঁইছুঁই। অথচ তার হাতের কব্জিতে যে শক্তি, চোখে যে একাগ্রতা, তা রীতিমতো চমকে দেওয়ার মতো! সিদ্ধেশ্বরী গার্লস' হাই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী আহমাদ ফাতিমা জাহান আজ শুধু একজন মেধাবী শিক্ষার্থী নয়, বরং কারাতের রিংয়ে বাংলাদেশের নাম বয়ে বেড়ানো একজন উদীয়মান যোদ্ধা।

পড়াশোনা আর সাংস্কৃতিক চর্চার পাশাপাশি আত্মরক্ষার কৌশল রপ্ত করার তাগিদ থেকেই ২০২৪ সালের ৫ এপ্রিল ভিএনএসসি (VNSC) কারাতে ক্লাবে ভর্তি হয় ফাতিমা। শুরু থেকেই তার মধ্যে দেখা যায় অসাধারণ মনোযোগ আর অধ্যবসায়। কঠোর অনুশীলন, শৃঙ্খলা আর একাগ্রতার মিশেলে অল্প সময়ের মধ্যেই সে পেরিয়ে যায় হোয়াইট বেল্ট, অরেঞ্জ বেল্ট আর ব্রাউন বেল্ট—কারাতের বেল্ট-যাত্রার গুরুত্বপূর্ণ ধাপগুলো।

আরও পড়ুন: মানবিক রাজনীতির অনন্ত দিশারী তারেক রহমান

বেল্ট অর্জনের সঙ্গে সঙ্গেই ফাতিমা নাম লেখায় দেশের বিভিন্ন প্রতিযোগিতায়। আর প্রতিটি মঞ্চেই রেখে আসে সাফল্যের স্বাক্ষর।

Motri Karate Club Tournament 2025 (Under 10)-এ স্বর্ণপদক জয়ের পাশাপাশি অর্জন করে "সেরাদের সেরা" খেতাব।

আরও পড়ুন: শিকাগোর জিয়াউর রহমান সড়কে জিয়ার স্মৃতি রক্ষায় ডা. ডোনারের নেতৃত্ব বৃক্ষরোপণ কর্মসূচি


9th Shitoryu Karate-Do Open Bangladesh Championship 2025 (Under 10)-এ কাতা ও ফাইট—দুই বিভাগেই ছিনিয়ে নেয় স্বর্ণপদক।

1st Open National & International Karate Championship 2025 (Under 10)-এ কাতায় স্বর্ণ ও ফাইটে রৌপ্য জেতে সে।

5th Koyo Inter Club Kata Championship 2025 (Under 10)-এ কাতায় ফের স্বর্ণপদক তার দখলে।

Shihan Humayun Kabir Jewel Memorial 5th Karate Championship 2026 (Under 10)-এ কাতায় স্বর্ণ ও ফাইটে রৌপ্য অর্জন করে সাফল্যের এই ধারা অব্যাহত রাখে।

এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি

তবে ফাতিমার কারাতে-যাত্রার সবচেয়ে গর্বের মুহূর্তটি আসে ২০২৬ সালের ১৯ জুলাই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা থেকে আসা ৫৭৬ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত 2nd South Asian Karate Cup 2026 (Under-14)-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সে। আন্তর্জাতিক এই মঞ্চে ফাইট বিভাগে রানার-আপ হয়ে রৌপ্যপদক জিতে নেয় ফাতিমা, যা শুধু তার ব্যক্তিগত অর্জনই নয়, বরং গোটা দেশের জন্যও এক অসামান্য গৌরবের মুহূর্ত।


কারাতের বাইরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাতেও ফাতিমার সরব উপস্থিতি। ভর্তির প্রথম বছর (২০২৩) থেকেই সংগীত, আবৃত্তি, নৃত্য ও দৌড় প্রতিযোগিতায় একের পর এক পুরস্কার জিতে আসছে সে। পাশাপাশি প্রতিবছরই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হচ্ছে পরের শ্রেণিতে। এই সামগ্রিক সাফল্যই বলে দেয়, পড়াশোনা, সংস্কৃতি আর ক্রীড়া—তিন ক্ষেত্রেই সমান দক্ষতায় এগিয়ে চলেছে সে।

আহমাদ ফাতিমা জাহান বলেন, "কারাতে আমার অনেক পছন্দের একটা জায়গা। ইনশাআল্লাহ, আমি পড়াশোনার পাশাপাশি বড় হয়ে কারাতে নিয়ে আরও উচ্চ পর্যায়ে দেশ ও দেশের বাইরে খেলব এবং কারাতের প্রত্যেকটি ড্যান শেষ করে নিজেকে সাফল্যের শীর্ষে নিয়ে যাব।"

ফাতিমার শিক্ষাপ্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার (বিসিএস, সাধারণ শিক্ষা) বলেন, "ফাতিমার একাগ্রতা চোখে পড়ার মতোই। তাকে নিয়ে আমরা প্রত্যেকেই আশাবাদী। তার এ সাফল্য আমাদের জন্য এবং একই সঙ্গে স্কুলের জন্যও গর্বের। দোয়া করি, সে কারাতে নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশের জন্য আরও সাফল্য বয়ে নিয়ে আসবে।"

মাত্র দুই বছরের কারাতে-জীবনে যে মেয়ে জাতীয় পর্যায়ের একাধিক শিরোপা এবং আন্তর্জাতিক পদক নিজের করে নিয়েছে, শৃঙ্খলা, একাগ্রতা আর অদম্য মানসিকতা নিয়ে এগিয়ে চলা আহমাদ ফাতিমা জাহান হয়তো একদিন বাংলাদেশের কারাতে অঙ্গনের এক পরিচিত নাম হয়ে উঠবে—এমনটাই বিশ্বাস তার শুভাকাঙ্ক্ষীদের।

লেখা: মবিনুল ইসলাম রাশা

শিক্ষার্থী ও সংবাদকর্মী, গণ বিশ্ববিদ্যালয়