পূর্বাচলের নীলা মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৫টি দোকান
রাজধানীর পূর্বাচল এলাকায় নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণ পাশে অবস্থিত নীলা মার্কেট চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলোর ভেতরে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, ক্ষতির পরিমাণ কয়েক লাখ থেকে শুরু করে কোটি টাকারও বেশি হতে পারে।
আরও পড়ুন: ঢাকার উত্তরায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে স্থানীয়রা মার্কেট এলাকায় আগুন জ্বলতে দেখে জরুরি নম্বরে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার আতিকুল ইসলাম বাংলাবাজার পত্রিকাকে বলেন, ভোর সোয়া ৫টার দিকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর দ্রুত ইউনিট পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই ঘটনায় দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট এবং একটি মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের পাশাপাশি পূর্বাচল আর্মি ক্যাম্পের সদস্য ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তা করে।
ক্ষতিগ্রস্ত এক রেস্টুরেন্টের মালিক মেহেদী হাসান বাংলাবাজার পত্রিকাকে বলেন, ভোরের দিকে ফোনে আগুনের খবর পেয়ে দ্রুত তারা মার্কেটে ছুটে আসেন। শুরুতে পাশের দোকানদাররা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার দাবি, তার রেস্টুরেন্টে অন্তত ৩০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
একটি মিষ্টির দোকানের মালিক সুকমল বাংলাবাজার পত্রিকাকে বলেন, ফজরের আজানের পর তার এক কর্মচারীর ফোনে আগুন লাগার খবর পান। দ্রুত বের হয়ে রওনা হলেও পথে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ চলতে থাকে। তিনি জানান, তার দোকানে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার মিষ্টি ও কাঁচামাল পুড়ে গেছে।
ঘটনার পর নীলা মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।





